সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.৩৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ হুইল চেয়ারের অভাবে মুম্বই বিমানবন্দরে মৃত্যু হল অশীতিপর এক যাত্রীর৷ আর এই ঘটনায় নড়চড়ে বসল ডিজিসিএ৷ এয়ার ইন্ডিয়াকে শো-কজের নোটিশ ধরালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন৷ এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে৷
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এ.আই ১১৬ বিমানে চেপে এক বৃদ্ধ দম্পতি মুম্বই ফিরছিলেন নিউইয়র্ক থেকে৷ টিকিটের পাশাপাশি তাঁরা দুটি হুইলচেয়ারও বুক করেছিলেন৷ কিন্তু মুম্বই বিমানবন্দরে নেমে হেনস্থার শিকার হতে হয় ঐ দম্পতিকে৷
কারণ দু’টির পরিবর্তে মাত্র একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছিল৷ বিমান থেকে নামা ও ইমিগ্রেশন অফিসের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার৷ বয়সজনিত কারণে এতটা রাস্তা হেঁটে আসার পরেই তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান৷ দ্রুততার সঙ্গে বিমান আধিকারিকরা ওই ব্যক্তিকে নানাবতি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ অর্থাৎ চিকিৎসা পরিষেবা পাওয়ার আগেই বৃদ্ধ ওই ব্যক্তি মারা যান৷
এই ঘটনায় আন্তর্জাতিক মানের মুম্বই বিমান বন্দরের পরিষেবা নিয়েও প্রশ্ন উঠেছে৷ ইতিমধ্যেই, এয়ারক্রাফটের তরফে যাত্রীদের জন্য যাতে পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার থাকে, তা নিশ্চিত করতে সমস্ত এয়ারলাইন্সের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে৷
