মেহবুব মুফতি, ১৬.০২.২৪ সময়ঃ ০৫.২৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবী দক্ষিন ২৪ পরগনার কুলতলীর কাটামারির বাসিন্দা। নাম প্রদীপ সর্দার। বয়স ৩৬। জানা গিয়েছে তিনি অন্যান্য মত্স্যজীবীদের সঙ্গে জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। পরিবারে রয়েছে তাঁর দুই সন্তান। স্থানীয় সূত্রে খবর, নয়বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ বাঘ এসে প্রদীপ সর্দারের ওপর আক্রমণ করে এবং তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা মৎস্যজীবীরা তার দেহ উদ্ধার করে রাতে কুলতলির কাঁটামারী ঘাটে নিয়ে আসে। খবর পেয়ে কুলতলী থানার পুলিশ কাঁটামারিতে পৌঁছায় ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
