SANDESHKHALI CONGRESS- সন্দেশখালি থেকে ১ কিলোমিটার আগে অধীরকে আটকাল পুলিশ


আশিক এলাহী, ১৬.০২.২৪ সময়ঃ ০৬.০৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিজেপির পর কংগ্রেসকেও একইভাবে সন্দেশখালিতে যাওয়ার আগে রাস্তায় আটকালো রাজ্য পুলিশ৷ প্রায় ১ কিলোমিটার আগে সরবেড়িয়াতেই তাদের আটকানো হয়৷ এরপর ব্যারিকেডের সামনেই বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা৷ সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নৃশংসতার রানি’বলে কটাক্ষ করেছেন তিনি৷

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি থেকে অশান্ত হয়ে রয়েছে সন্দেশখালি৷ এলাকার দাপুটে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় থমথমে হয়ে আছে এলাকা৷ এমনকি গ্রামবাসীদের উপর পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও উঠেছে৷ যার পরেই বারেবারে বিরোধী বিজেপি ও সিপিআইএমের প্রতিনিধি দলকে সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে৷ যে ঘটনাকে কেন্দ্র করে প্রায় একসপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ও রাজ্যের রাজনৈতিক আবহ৷ এবার কংগ্রেসের প্রতিনিধি দলকেও আটকালো পুলিশ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার বিজেপিকে প্রায় ৬ কিলোমিটার দূরে আটকেছিল পুলিশ৷ শুক্রবার সকালে প্রথমে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পরে কংগ্রেসকে আটকায় পুলিশ৷ বলা বাহুল্য, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয় বসিরহাট পুলিশ প্রশাসন৷ এরপর আদালতের নির্দেশ মতো, বুধবার বাছাই করা ১৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা ফের জারি করা হয়৷ সেই ১৪৪ ধারা দেখিয়েই কাউকে সন্দেশকালি যেতে দিচ্ছে না পুলিশ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *