বাবন ধুঁয়া, ১০,০২,২৪ সময়ঃ ০৫,১১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
অস্ত্রোপচারের পর পরই দৃষ্টিশক্তি হারালেন সাত রোগী। গুজরাতের এক হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরই হুলস্থুল পড়ে গিয়েছে মোদি-শাহর রাজ্যে। তবে এধরনের বিপত্তি এই প্রথম নয়, এক মাসের মধ্যে দ্বিতীয়বার এ রকম ঘটনায় প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হৃষীকেশ পটেল। মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, এই ঘটনায় যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, পাটান জেলার রাধাপুর শহরের একটি হাসপাতালে গত ২ ফেব্রুয়ারি ছানি অস্ত্রোপচার করিয়েছিলেন ১৩ জন রোগী। অস্ত্রোপচারের পর থেকেই তাদের চোখের সমস্যা হতে শুরু করে। তার পর ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বলে অভিযোগ। এই ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় স্বাস্থ্য দফতরের কাছেও সেই খবর পৌঁছয়। পরিস্থিতি সামলাতে ঘটনাটির তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি আহমেদাবাদ জেলার ১৭ জন প্রবীণ ছানি অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ ওঠে। ট্রাস্ট পরিচালিত একটি হাসপাতালে সেই অস্ত্রোপচার করানো হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পরই তাদের চোখে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আর তার পরই দৃষ্টিশক্তি হারান তারা। সেই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তার মধ্যে আবার পাটান জেলায় একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সমালোচনার মুখে স্বাস্থ্য দফতর।
