বাবন ধুঁয়া, ০৬.০২.২৪ সময়ঃ ০৩.০১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন কংগ্রেস কর্মী। কিন্তু করমর্দনতো দূর, উলটে নিজের পোষ্য কুকুরের প্লেট থেকে একটি বিস্কুট ধরিয়ে দিলেন ওয়ানড়ের সাংসদ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা নেট দুনিয়ায়। রাহুলের আচরণকে তোপ দেগে বিজেপির মত, যে দল নিজের কর্মীদের কুকুরের মতো দেখে তারাতো হারিয়ে যাবেই।
ভারত জোড়ো ন্যায় যাত্রায় এখন ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল। সেখানেই বিতর্কিত ঘটনাটি ঘটেছে বলে খবর। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে দাঁড়িয়ে সমবেত জনতার দিকে হাত নাড়ছেন রাহুল। পাশেই রয়েছে তাঁর পোষ্য কুকুর। একটি প্লেটে সাজিয়ে রাখা বিস্কুট খাচ্ছিল সাংসদের পোষ্য। সেই সময়েই রাহুলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন এক কংগ্রেস কর্মী। কিন্তু হাত না মিলিয়ে কুকুরের প্লেট থেকেই একটি বিস্কুট নিয়ে তাঁর দিকে এগিয়ে দেন রাহুল। গোটা ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এই ঘটনা নিয়ে কংগ্রেসকে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর মতে, “কয়েক দিন আগেই বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার কুকুরের না খাওয়া বিস্কুট দলীয় কর্মীর হাতে ধরিয়ে দিলেন রাহুল। যে দলের সভাপতি ও যুবরাজ দলীয় কর্মীদের কুকুরের মতো আচরণ করে সেই দলতো হারিয়ে যাবেই।”
