HC Madhyamik Case in: মাধ্যমিকের সময় বদলানোয় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৩.২৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষায় সময় পরিবর্তন করা মামলা নিয়ে রাজ্যের যুক্তি শুনে ভর্ৎসনা বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিজ্ঞপ্তিতে সঠিক কারণ কেন জানানো হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। সে ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিভ্রান্তি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি।

বিচারপতি বসু এদিন রাজ্যকে প্রশ্ন করেন, ‘হঠাৎ পরীক্ষা শুরুর ১৫ দিন আগে কেন এই সময় পরিবর্তন করা হল?’ উত্তরে রাজ্য জানায়, ‘রাস্তার যানজট।’ এ কথা শুনে বিচারপতি বলেন, ‘বোগাস যুক্তি। হঠাৎ এই বছর, এই সময়ে আপনাদের এটা মনে পড়ল কেন? এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন।’ তবে পরীক্ষার্থীরা নতুন করে বিভ্রান্তিতে পড়ুক, তা চান না বিচারপতি।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, এবার নতুন করে ৩০ জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে। তবে কন্ট্রোল রুমের বিষয়টা যাতে বিজ্ঞাপন করে আরও বেশি পড়ুয়াদের জানানো হয়, সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে আগামিকাল থেকেই রাজ্য হেল্পলাইন নম্বর চালু করবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়লে ওই নম্বরে জানাতে পারবে। পুলিশ তাদের স্কুলে পৌঁছনর ব্যাবস্থা করবে। বিচারপতি রাজ্যকে কার্যত ভর্ৎসনা করে বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন ভাবে এইসব করা হচ্ছে। এটাকে কোনওভাবে সমর্থন করা যায় না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *