সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০১.২২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসবে না, তা আবার হয় নাকি। বিজেপি সূত্রে খবর, আগামী রবিবার রাজ্যে আসছেন শাহ। তারপর রয়েছে তাঁর একাধিক কর্মসূচী। জানা যাচ্ছে, ২৯ জানুয়ারি মেচেদায় দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন ৫টি লোকসভা কেন্দ্রের কর্মী। পাশাপাশি সায়েন্স সিটিতেও একটি দলীয় কর্মিসভা করার কথা রয়েছে। এছাড়া বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে হোটেলে একটি বৈঠক করার কথা রয়েছে শাহর। এরপর সেই রাতেই তিনি ফিরে যাবেন।
উল্লেখ্য, সম্প্রতি অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তা নিয়ে বাংলায় রয়েছে আলাদা উন্মাদনা। তারপরই শাহর বঙ্গ সফর বিজেপির মধ্যে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুয়ারে লোকসভা ভোট। নাওয়া খাওয়া ভুলে ভোট ময়দানে নেমে পড়েছে হাত-হাতুরি-কাস্তে-পদ্ম সহ সব শিবিরই। কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির এবার টার্গেট বাংলা থেকে অনেক বেশি আসনে জয়লাভ করা। ২০১৯ -এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ১৮টি আসনে জয়ী হয়েছিলো। অমিত শাহ অনেক আগেই সুকান্ত-শুভেন্দুদের জন্য লোকসভা ভোটের টার্গেট ঘোষণা করে দিয়েছেন। সেই মতো ব্লু-প্রিন্টও তৈরি করছে বঙ্গ বিজেপি শিবির।
