সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৩.৩৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কালিম্পংয়ের পাহাড়ে শুরু হতে চলেছে ডিজিটাল এফ.এম। শুক্রবার ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে তার ট্রান্সমিটারের শিলান্যস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে পাহাড়ে আঞ্চলিক ভাষায় গান ও নানা রকমের অনুষ্ঠান সম্প্রচার করতে সুবিধা হবে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাহাড়বাসী।
এনিয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত বলেছেন, পাহাড়ে অল ইন্ডিয়া রেডিওর পরিষেবাকে উন্নত করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এই বিষয়ে আবেদন জানিয়েছিলাম। কারণ, পাহাড়ে ভৌগলিক কারনে ঠিক মতো অনুষ্ঠান সম্প্রচার করা যায় না। অবশেষে আমার পরিকল্পনা সফল হতে যাচ্ছে। আমার দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।
তবে শুধু শিলান্যসই নয়, তারপর ব্রডকাস্টের কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বলেও জানিয়েছেন রাজু ভিস্ত। এই প্রকল্পের জন্য ৩ কোটি ৩৬ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই ট্রান্সমিটার বসলে পাহাড়বাসী কোনো রকম অসুবিধা ছাড়াই রেডিও শুনতে পারবেন।
উল্লেখ্য, কার্শিয়াং এর রেডিও স্টেশনটি ২০২২ সাল থেকে দেশের একমাত্র নেপালী রেডিও স্টেশন হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে নেপালী ভাষায় খবর, গান ও নানা রকম অনুষ্ঠান হয়। প্রায় ৪৫-৫০ জন কর্মী এখানে কাজ করেন।
তবে আগামী দিনে ডিডি গোর্খা চ্যানেল তৈরীর পরিকল্পনা রয়েছে সরকারের। এমনটাই জানা গিয়েছে।
