COLD WAVE IN NORTH INDIA- উত্তর ভারতে শৈত্য প্রবাহ


বাবন ধুঁয়া, ১৭.০১.২৪ সময়ঃ ০৪.১৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ তীব্র কুয়াশার কারণে ইতিমধ্যেই বিপর্যস্ত দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলি। বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে বিপদের মুখে পড়ছেন বহু মানুষ। কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে মৌসম ভবনের পূর্বাভাস। ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে উত্তর ভারতের অধিকাংশ রাজ্য। আগামী দু’দিন চলতে পারে শৈত্যপ্রবাহও। বুধবার পাঞ্জাব এবং হরিয়ানায় অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতির জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃহস্পতিবার ওই দুই রাজ্যে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বুধবার দিল্লির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে।

অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের অনুকূল পরিবেশ না থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের উত্তরাংশ এবং মধ্যপ্রদেশের উত্তরাংশ জুড়ে বিমান, রেল এবং সড়কপথে যাতায়াতের অসুবিধা হতে পারে।

বুধবার সকালে দিল্লির দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে নেমে যায়। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, কুয়াশার কারণে ২১টি ঘরোয়া বিমান এবং তিনটি আন্তর্জাতিক বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ১৬টি ঘরোয়া বিমান এবং ১৩টি আন্তর্জাতিক বিমান দিল্লির বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরি করে উড়েছে। মঙ্গলবার ১২০টি বিমান নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে উড়েছে।

শুধুমাত্র বিমানের ক্ষেত্রেই নয়, ব্যহত হয়েছে রেল চলাচলও। গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় দেরি করে ছাড়ছে বহু ট্রেন। রেল সূত্রে খবর, শৈত্যপ্রবাহ এবং কুয়াশার কারণে মোট ৩০টি ট্রেন দিল্লি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে ছেড়েছে। শুক্রবারই চার ডিগ্রির নীচে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। শনিবার আরও পতন হয়েছিল তাপমাত্রায়। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের শীতলতম। শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। তার সঙ্গে ঘন কুয়াশাও দিল্লির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে। মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা আবার চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানায়। চণ্ডীগড় এবং রাজস্থানেও সতর্কতা জারি করেছে মৌসম ভবন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *