সুপর্ণা দে, ১৬.০১.২৪ সময়ঃ ১২.৫৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটি মনে হয় আমাদের সিগনেচার টিউন। কিন্তু সেই প্রতুল মুখোপাধ্যায় এখন বার্ধক্যজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি। সোমবার শিল্পীকে এস.এস.কে.এমে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে কথা হয়, একে অপরের শারীরিক খোঁজ খবর নেন। এরপর হাসপাতালের বেডেই শিল্পী গাইতে শুরু করেন গানটি। শিল্পীর হাতে চ্যানেল করা, অসুস্থ শরীর নিয়েও খোলা গলায় গাইতে শুরু করেন। মাঝে একবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে বকুনিও খান। কিন্তু তাতেও থামাননি গান। উল্টে বাড়ীর লোকের মতোই মুখ্যমন্ত্রীকে হাত নেড়ে বলেন কিছু হবে না। ফের গাইতে শুরু করেন। ওই আর কি, শিল্পী মানুষের সত্ত্বা কি আর থামানো যায়! আর মুখ্যমন্ত্রীও থেমে থাকেন নি। তিনিও শিল্পীর সঙ্গে গলা মেলাতে শুরু করেন। শেষে মুখ্যমন্ত্রী শিল্পীকে জিজ্ঞেস করেন, আপনার ছাত্রীটি কেমন! এই গোটা বিষয়টি সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
