বাবন ধুঁয়া, ১৫.০১.২৪ সময়ঃ ০৪.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিমান ছাড়তে বিলম্ব হবে।’ বিমানের মধ্যে এই ঘোষণাই করছিলেন পাইলট। তা শুনেই বেজায় চোটে যান এক যাত্রী। পাইলটের দিকে তেড়ে গিয়ে তাঁকে ঘুসি মারলেন। ইন্ডিগো বিমানের পাইলটকে শারীরিক নিগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়ো। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তা। অবশ্য, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দিন দর্পণ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানের শেষের দিকে সিটে সম্ভবত বসে ছিলেন এক ব্যক্তি। পরনে ছিল হলুদ জ্যাকেট। বিমান নির্দিষ্ট সময়ের খানিক বিলম্বে ছাড়বে, এমনটাই ঘোষণা করছিলেন পাইলট। আর তা শুনেই পাইলটের দিকে তেড়েমেরে ঝাঁপিয়ে পড়েন হলুদ জ্যাকেট পরা ওই ব্যক্তি। তাঁকে মারধর করেন। এই দৃশ্য দেখে হইহই করে ওঠেন বিমানের অন্য যাত্রীরা। বেরিয়ে আসেন এক এয়ার হোস্টেস। তিনি বিষয়টির প্রতিবাদ করেন। জানা গিয়েছে, বিমান ছাড়তে বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার কারণে আগের ক্র সদস্যের জায়গায় এসছিলেন ওই পাইলট। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই নিয়ম অনুযায়ী এক ক্র সদস্যের জায়গায় অন্য ত্রু সদস্য মোতায়েন হন। যদি কোনও কারণে বিমান ছাড়তে অতিরিক্ত দেরি হয় তবে বিমানে নিযুক্ত ত্রু সদস্যদের সরিয়ে অন্য ত্রু সদস্যরা নিযুক্ত হন। এর কারণ হল ডিউটি টাইম পেরিয়ে গেলে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন ত্রু সদস্যরা। তাঁদের শারীরিক অবস্থার কারণে ও বিমানের নিরাপত্তার কথা ভেবেই ডিউটি টাইম পেরিয়ে গেলে অন্য ত্রু সদস্যদের নিযুক্ত করা হয়। তবে, ইন্ডিগোর কোন বিমানে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
ভিডিয়োটি দেখে এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লিখেছেন, ‘বিমান উড়তে দেরি হলে পাইলট বা কেবিন ত্রুদের কিছু করার নেই। তাঁরা তাদের দায়িত্ব পালন করছিলেন। এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তিনি যাতে আর কোনও দিন বিমানে না উঠতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হোক। ব্যক্তির ছবি প্রকাশ্যে আনা হোক। যাতে লোকটির বদমেজাজ থেকে সকলে সচেতন থাকতে পারে।’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তির বিরুদ্ধে হামলার মামলা দায়ের করা উচিত। সেই সঙ্গে তাঁকে নো ফ্লাইট লিস্টেও রাখা হোক। যাত্রীর এই আচরণ কোনও ভাবেই কাম্য নয়।’
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবা নিয়ে বিমানযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা কুয়াশার পুরু চাদরে মোড়া। ফলে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে। বিমান ওঠা-নামায় সমস্যা হচ্ছে। ইন্ডিগোর বিরুদ্ধে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ রয়েছে।
