বাবন ধুঁয়া, ১১.০১.২৪ সময়ঃ ৩.১৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রক্ষাকবচের আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গ্রেফতারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। গুলি চালানোর ঘটনায় এবার শীর্ষ আদালতে রক্ষাকবচের আবেদন জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ, শুক্রবার মামলার শুনানি রয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কোচবিহারের একটি গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম সামনে আসে। খুনের ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এরপর সেই মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেও রক্ষাকবচ পাননি তিনি। মন্ত্রীর আর্জি খারিজ হয়ে যায়। আগামী ২২ জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা। কলকাতা হাই কোর্টে পরবর্তী শুনানির আগেই গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন নিশীথের আইনজীবী পাটওয়ালিয়া। মামলা চলাকালীনই বিচারপতি বেলা এম ত্রিবেদী নিশীথকে প্রশ্ন করেন, ‘আপনি কেন হাই কোর্টের দ্বারস্থ হলেন না? কিসের আশঙ্কা করছেন আপনি?’ বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে ™াটওয়ালিয়া জানান, ‘২০২২ সালে চার্জশিট দাখিল হয়ে গেলেও এখনও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাই রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।’ রাজ্যের পরিস্থিতি ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার সাংসদ গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন। তা খারিজ করে দেয় আদালত। এর পরই তাঁকে গ্রেপ্তারির দাবিতে পথে নামে স্থানীয় তৃণমূল। ২২ জানুয়ারি কলকাতা হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির আগেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছেন মন্ত্রী।
