DAWOOD PROPERTY SELL- বিক্রি হওয়া দাউদের আস্তানায় তৈরি হবে সনাতনী পাঠশালা


বাবন ধুঁয়া, ০৬.০১.২৪ সময়ঃ ৫.৪৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ একটা সময় যে জমিতে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের আস্তানা ছিল, সেখানেই শিশুরা শিখবে সনাতনী সংস্কৃতি। একটা সময় যে বাড়িতে শোনা যেত গুলির আওয়াজ, সেখানেই এবার শোনা যাবে শিশুদের পড়াশুনোর শধ। কোটি টাকা মূল্যে কেনা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সম্পত্তিতে সনাতনী হিন্দু স্কুল গড়তে চান জমিটির অধুনা মালিক। জানা গিয়েছে, বিখ্যাত আইনজীবী তথা প্রাক্তন শিব সেনা নেতা অজয় শ্রীবাস্তব কিনেছেন দাউদের সম্পত্তি।

অজয় জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড ডনের ওই আস্তানায় এবার সনাতনী হিন্দু স্কুল খুলবেন তিনি। প্রাক্তন ওই শিব সেনা নেতা বলছেন,‘আমি সনাতনী হিন্দু। ইতিমধ্যেই একটি সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই ট্রাস্টই এই জমিতে হিন্দু পাঠশালা গড়বে। জমি রেজিস্ট্রি হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে।’

আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চারটি সম্পত্তির নিলাম শেষ হয় শুক্রবার। নিলামে ওঠা দুই সম্পত্তির সর্বোচ্চ মূল্য ওঠে ২.০১ কোটি ও ৩.২৮ কোটি টাকা। দু’টি সম্পত্তি এখনও পর্যন্ত অবিক্রিত। নিলামে বিক্রি হওয়া একটি সম্পত্তি ছিল দাউদ ইব্রাহিমের ছোট এক টুকরো পৈতৃক জমি। সেই জমিটিই বিক্রি হল ২ কোটি টাকায়।

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বেকে নিলামের জন্য রাখা হয় দাউদের চার সম্পত্তি। প্রত্যেকটিই ছিল জমি। তার মধ্যে এই জমিটির ডাকমূল্য ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। শেষমেশ তা বিক্রি হল ২ কোটি টাকায়। দাউদের মোট চারটি জমি নিলামে ডেকেছিল স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি। জমিগুলি মূলত কৃষিজমি। এগুলি দাউদ ইব্রাহিম কসকরের পৈতৃক গ্রামের বাড়ি লাগোয়া চাষের জমি। উল্লেখ্য দাউদের ছোটবেলা কেটেছে এই গ্রামেই।

দেড় লাখ টাকার কিছু বেশিতে ধার্য হয়েছিল আর একটি জমির দাম। সেটির নিলাম হয়েছে ৩ কোটি ২৮ লক্ষ্যে কিছু বেশি টাকায়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দাউদের মা আমিনা বিবি ছিলেন জমিগুলির বর্তমান মালিক। দাউদ ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে তদন্ত ও তাদের পালিয়ে যাওয়ার পর সরকার বাজেয়াপ্ত করেছিল সম্পত্তিগুলি। স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স ফরফিটার অব প্রপার্টি অ্যাক্ট বা এসএএফইএমএ অনুযায়ী শুক্রবার নিলামে তোলা হয়েছিল দাউদের চার অবিক্রিত জমি। জমিগুলির নিলাম মূল্য ছিল ১৯ লাখ ২০ হাজার টাকা। ২০২০ সালের পর ফের শুক্রবার দাউদ ইব্রাহিমের চারটি পৈতৃক সম্পত্তি নিলামে উঠল। চারটি সম্পত্তির মধ্যে সবচেয়ে ছোট জমিটি বিক্রি হল সবচেয়ে বেশি দামে।

প্রসঙ্গত, এর আগেও দাউদের একাধিক জমি ও সম্পত্তি উঠেছিল নিলামে। ২০১৭ ও ২০২০ সালে দাউদ ইব্রাহিমের মোট ১৭টি সম্পত্তি নিলামে তোলে এসএএফইএমএ। সবচেয়ে বেশি সফল ছিল ২০১৭ সালের নিলামটি। সেবার মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে নিলামে বিক্রি হয় দাউদের ধামড়ওয়ালা বাড়িটি। এছাড়া নিলামে ওঠে একটি হোটেল ও গেস্ট হাউস।

১৯৯৩ সালে মুম্বই হামলায় মাস্টারমাইন্ড ছিল এই দাউদ ইব্রাহিম। এরপরে বহু সংবাদ মাধ্যমে দাবি করা হয় ভারত থেকে পালিয়ে গিয়ে দুবাইয়ে গা ঢাকা দিয়েছে দাউদ। সেখানেই আস্তানা গেড়েছে। পরে ভারতীয় গোয়েন্দারা দাবি করেন, বর্তমানে পাকিস্তানের ছত্রছায়ায় বহাল তবিয়তেই করাচিতে নিজের রাজত্ব কায়েম করে রয়েছে দাউদ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নিরাপত্তার ঘেরাটোপে বছরের পর বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছে মাফিয়া ডন। শুধু মুম্বই হামলাই নয়, ভারতে আরও একাধিক সন্ত্রাসবাদী হামলা চালনোর পিছনে মূল মাথা ছিল দাউদেরই। দাউদকে ভারতে নিয়ে আসার জন্য একাধিকবার চেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। সম্প্রতি দাউদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে তা গুজব বলে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *