RAJYA SABHA MP- রাজ্যসভার মেয়াদ ফুরাচ্ছে ৬৮ জনের


দিন দর্পণ, চলতি বছর লোকসভা নির্বাচন। এর মধ্যেই আগামী কয়েক মাসে রাজ্যসভার ৬৮ জন সাংসদের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে। যার মধ্যে ৬০ জনই বিজেপির সাংসদ। এদের মধ্যে আবার বেশ কয়েকজন কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী। এছাড়া আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে জেডি(ইউ), আরজেডি, বিআরএস, সিপিআই (এম) সাংসদও রয়েছেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মোট ৫ তৃণমূল সাংসদের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে। কোন দলের কোন হেভিওয়েট সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে।

বিজেপির যে ৬০ জন সাংসদের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে তার মধ্যে ৫৭ জনের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে এপ্রিলে। এদের মধ্যে রয়েছেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী। তাঁরা হলেন, রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এছাড়া হেভিওয়েট সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও এসপি সাংসদ জয়া বচ্চনেরও রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ চলতি বছর শেষ হচ্ছে। এদের পুনরায় মনোনয়ন দেওয়া হবে কিনা তা বিজেপি, কংগ্রেস বা এসপি- কেউই স্পষ্ট করেননি। তবে কেন্দ্রীয় মন্ত্রীরা গুরুত্বপূর্ণ পদে থাকায় তাঁদের পুনরায় মনোনীত করার সম্ভবানাই বেশি। কিন্তু নবতিপর মনমোহন সিংকে পুনরায় কংগ্রেস মনোনয়ন দেয় কিনা বা না দিলে তাঁর জায়গায় কাকে নিয়ে আসে, সেটাই দেখার।

অন্যদিকে, আম আদমি পার্টির ৩ সাংসদ, সুশীল কুমার, সঞ্জয় সিং, এনডি গুপ্তার মেয়াদ এবছরই সম্পূর্ণ হচ্ছে। আবার পশ্চিমবঙ্গের ৫ তৃণমূল সাংসদের মধ্যে ৪ জন, যথা- আবীর রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, মহম্মদ নাদিমুল হক ও শান্তনু সেন এবং কংগ্রেসের অভিষেক মনু সিংভির মেয়াদ সম্পূর্ণ হচ্ছে।

আবার বিহারের আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা, আহমেদ আফক করিম এবং জেডি(ইউ) সদস্য অনিল প্রসাদ হেগে ছাড়াও কংগ্রেসের অখিলেশ প্রসাদ সিং, বিজেপির ২ জন সহ মোট ৬ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। একইভাবে মহারাষ্ট্র (৬), মধ্য প্রদেশ (৫), কর্নাটক (৪), গুজরাট (৪), ওড়িশা (৩), তেলঙ্গানা (৩), অন্ধ প্রদেশ (৩), কেরল (৩), ঝাড়খণ্ড (২), রাজস্থান (২), ছত্তীশগঢ় (১) হরিয়ানা (১), উত্তরাখণ্ড (১), হিমাচল প্রদেশ (১), ও সিকিমের (১) মিলিয়ে একাধিক সাংসদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর। তবে সবচেয়ে বেশি সংখ্যক ১০ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে উত্তর প্রদেশে থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *