টি-২০ বিশ্বকাপে ৯ জুন সম্ভবত ভারত-পাক ম্যাচ


দিন দর্পণ: চলতি বছরে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইসিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে প্রতিযোগিতার সূচি ঘোষণা না করা হয়নি। শোনা যাচ্ছে সোমবার ঘোষিত হতে পারে সূচি।

সরকারিভাবে সূচি ঘোষণা হওয়ার আগে আইসিসি সূত্রে জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপকে আকর্ষনীয় করে তোলার জন্য দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা হবে। ২০ ওভারের বিশ্বকাপে সম্ভবত ভারত-পাক ৯ জুন মুখোমুখি হবে। নিউ ইয়র্কে খেলা হবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে মেন ইন ব্লু। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে-আয়ারল্যান্ড, কানাডা এবং ইউএসএ।

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৫ জুন তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত। পরের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ভারত। ১২ জুন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। নিউ ইয়র্কে তিনটি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফ্লোরিডা উড়ে যাবে ভারত। ১৫ জুন সেখানে কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সুপার এইট পর্যায়ের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে ভারত।

প্রসঙ্গত, মোট ২০টি দেশ খেলবে এবারের টি-২০ বিশ্বকাপে। ৫টি করে দল নিয়ে ভাগ হবে ৪টি গ্রুপ। চারটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল নিয়ে হবে ‘সুপার এইট’ রাউন্ড। মোট পঞ্চান্ন টি ম্যাচ হবে বিশ্বকাপে। ফাইনাল ২৯ জুন বার্বাডোজে হওয়ার কথা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *