৩১৩ রানে অল আউট পাকিস্তান, কামিন্সের ৫ উইকেট


সিডনি, ৩ জানুয়ারি: তিন ম্যাচের সিরিজ আগেই জিতেছে অষ্ট্রেলিয়া। সিডনি টেস্ট জিতলে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে। এই টেস্ট আবার ডেভিড ওয়ার্নারের কেরিয়ারের শেষ টেস্ট। ম্যাচ জিতে অজি ওপেনারকে দুর্দান্ত একটা ফেয়ারওয়েল দেওয়ার সুযোগ রয়েছে অষ্ট্রেলিয়ার সামনে।

এমন পরিস্থিতিতে তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুতে একশোর রান বোর্ডে তোলার আগেই পাঁচ উইকেট হারালেও মহম্মদ রিজওয়ান ও লোয়ার অর্ডারে আমের জামালের দুরন্ত অর্ধ-শতরান ও আগা সলমনের লড়াই তিনশোর গণ্ডি পার করে দেন। অজি অধিনায়ক  প্যাট কামিন্স একাই নেন ৫ উইকেট। এছাড়া ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১টি করে নেন মার্শ ও লিয়ঁ।

এদিন ওপেনিংয়ে নেমে আধুল্লা শাফিক ও সাইম আয়ুব কেউই খাতা খুলতে পারেননি। শাফিককে স্টার্ক ও সাইমকে হ্যাজেলউড ফিরিয়ে দেন। অধিনায়ক শান মাসুদ ৩৫ রানের ইনিংস খেলে মিচেল মার্শের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। বাবর আজম কামিন্সের বলে ২৬ রানে এল বি ডাব্লু হন। ৯৬ রানের মধ্যে পাঁচ উইকেট পরে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে আগা সলমানের সঙ্গে জুটি বেঁধে ৯৪ রানের পার্টনারশিপ গড় তোলেন। রিজওয়ান ৮৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং দুটো ছয়। আগা সলমান ৫৩ রানের ইনিংস খেলেন ৮টি চারের সাহায্যে। তবে অজি বোলারদের চমকে দিয়ে পাক পেসার আমের জামাল ৯৭ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। মারেন ন’টি চার এবং চারটে ছয়। শেষ পর্যন্ত ৩১৩ রান প্রথম ইনিংস শেষ হয় পাকিস্তানের।

প্রথম দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৬ রান করে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। কেরিয়ারের শেষ টেস্টে খেলতে নেমেছেন ওয়ার্নার। তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে ডেভিড ওয়ার্নার তাঁর সন্তানদের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করেন। ছিলেন তাঁর তিন মেয়ে আইভি মে, ইন্ডি রে এবং ইসলা রোজ। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে এটাই ওয়ার্নারের শেষ ম্যাচ। ৩৭ বছরের ওয়ার্নার তাঁর টেস্ট কেরিয়ারে ২৬টি শতরান এবং ৩৬টি অর্ধ-শতরান সহ ৪৪.৫৮ গড়ে ৮৬৯৫ রান করেছেন। এর সঙ্গে একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।  তবে ওয়ার্নার বলেছেন যে যদি তাঁকে অনুরোধ করা হয় তবে তিনি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *