governor bose celebrate her birthday- বিশেষভাবে সক্ষম ছাত্রদের সঙ্গে সস্ত্রীক সময় কাটানোর মধ্য দিয়ে জন্মদিন পালন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বর্ণালী মণ্ডল, ০২.০১.২৪ সময়ঃ ৫.১৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার ২রা জানুয়ারি নিজের মতো করে নিজের জন্মদিন কাটালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন বেলা ১টা নাগাদ তিনি যান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েস অ্যাকাডেমীতে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেখানে তিনি স্বল্প দৃষ্টি সম্পন্ন ছাত্রদের সঙ্গে সময় কাটান। কেক কাটেন। ছাত্রদের গাওয়া আগুনের পরশমনি গানটি শোনেন।
এরপর তিনি ঘুরে দেখেন গোটা অ্যাকাডেমী। রাজ্যপালের জন্মদিন উপলক্ষ্যে এদিন বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিলো। সস্ত্রীক রাজ্যপাল পড়ুয়াদের সঙ্গে বসেই মধ্যাহ্নভোজ সারেন। এদিন সাংবাদিকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করলে রাজ্যপাল স্পষ্ট জানান, যথা সময়ে তার জবাব দেবেন। ইংরেজী নববর্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে কবিগুরুর রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার বায়ূ…. কবিতার কয়েকটি কলি শোনান তিনি।
বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারাও সাধারণ মানুষের মতো দৈনন্দিন কাজকর্ম করতে পারে। এই জন্য রাজভবনে বিশেষভাবে সক্ষম মানুষের সুবিধার্থে ব্রেইল সাংকেতিক ব্যবস্থা শুরু করা হচ্ছে।
এদিন রাজ্যপালকে ফুল দিয়ে সম্মর্ধনা জানানো হয়। এছাড়াও রামকৃষ্ণ দেবের বাণী সংক্রান্ত কিছু বই, ঠাকুরের ছবি দেওয়া হয়। তবে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাও তিনি জানান। পাশাপাশি হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারি পদে যাঁরা আসছেন, তাঁদেরকেও শুভেচ্ছা জানান রাজ্যপাল। তবে তিনি বলেন, তাঁরা যেন তাঁদের কর্তব্যে অবিচল থাকেন।
