hooghly railline crack- বছরের প্রথম দিনেই ট্রেন চলাচল ব্যাহত হল হাওড়া-বর্ধমান মেন শাখায়।
মিজানুর রহমান, ০১.০১.২৪ সময়- ৬. ৪২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বছরের প্রথম দিনেই ট্রেন চলাচল ব্যাহত হল হাওড়া-বর্ধমান মেন শাখায়। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তার পরেই মেরামতির কাজ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে সেই মেরামতির কাজ। ফলে বছরের প্রথম দিনেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর জেরে শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পর পর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে বিকল্প (রিভার্স) লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। ট্রেনগুলি ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়। বছরের প্রথম দিনেই ট্রেনে উঠে দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। সকাল ৮টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে দীর্ঘক্ষণ পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরে দুপুরের পর রেল লাইনের কাজ শেষ হয়। চার ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
