ভারত-পাক ম্যাচের কোনও গুরুত্ব নেই গম্ভীর


দিন দর্পণ, ১ জানুয়ারি, ক্রীড়া জগতের যে কোনও ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা থাকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাইশ গজের যুদ্ধে মুখোমুখি হলে মাঠ ও মাঠের বাইরে উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও সাম্প্রতিক কালে বাবর আজম -মহম্মদ রিজওয়ানদের পারফরম্যান্স দেখার পর থেকে ‘মাদার অল ব্যাটল’-কে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের দাবি ভারত-পাকিস্তান নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ নিয়ে এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি উত্তেজিত থাকেন। যদিও অনেকের দাবি, বরাবরের মতো এবারও গম্ভীর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করেছেন।

গম্ভীর বলেন, ‘জানি অতীতে পাকিস্তান অনেকবার ভারতকে হারিয়েছে। তবে সাম্প্রতিক কালে দুই দেশের পারফরম্যান্স বিচার করলে ভারত অনেক এগিয়ে রয়েছে। ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। এমন প্রেক্ষাপটে বিরাট কোহলি-রোহিত শর্মারা পাকিস্তানকে হারালে সেটা খবর হবে না। তবে পাকিস্তান যদি ভারতকে হারায় তাহলেই সেটা ‘অঘটন’ বলে বিবেচিত হবে। তাই এই মুহূর্তে আমার কাছে ভারত-পাকিস্তান ম্যাচের কোনও গুরুত্বই নেই।’

শুধু তাই নয়, গম্ভীরের আরও দাবি এই মুহূর্তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে উন্মাদনা অনেক বেশি। প্রাক্তন ওপেনার ফের যোগ করেন, ‘যদি ক্রিকেটীয় দিক থেকে বিচার করেন তাহলে এই মুহূর্তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের গুরুত্ব অপরিসীম। যারা নিখাদ ক্রিকেটপ্রেমী, তাঁরা কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেই ভোট দেবেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *