দিন দর্পণ,১ জানুয়ারি: প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে ফিরে বছর শেষ করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। উল্টো প্রতিপক্ষের মাঠে রোববার ২-১ গোলে হেরে গেল তারা। প্রথমার্ধে বুকায়ো সাকা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান রাউল হিমেনেস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ববি ডি করডোভা-রেইড। লিগে টানা দ্বিতীয় বার হারের স্বাদ পেল আর্সেনাল, জয়হীন রইল টানা তিন ম্যাচে।
অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে এমিরেটসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। জয়ে ফেরার মিশনে পঞ্চম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বক্সের বাঁ দিক থেকে গাব্রিয়েল মার্তিনেল্লির শট গোলরক্ষক বার্নড লেনো ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছেই থাকা অরক্ষিত সাকা ফাঁকা জালে বল পাঠান। ২৯মিনিটে ফুহ্যামের হয়ে সমতা ফেরান হিমেনেস। প্রিমিয়ার লিগে নিজের সবশেষ চার ম্যাচে মেক্সিকোর এই ফরোয়ার্ডের গোল হলো ৪টি। দ্বিতিয়ার্ধে ৫৯ মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। কর্নার ক্লিয়ার করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড করডোভা-রেইড।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ভাগ্যের ফেরে তৃতীয় গোল পায়নি ফুলহ্যাম। তাতে যদিও জয়ের আনন্দ কমেনি তাদের। চলতি আসরে সব মিলিয়ে আর্সেনালের এটি চতুর্থ হার, যার তিনটি সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারেই আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে লিভারপুল, এক ম্যাচ কম খেলেছে তারা।২০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম।
