ফিরে দেখা ২০২৩
বিদায় ২০২৩ সাল। ২০২৪ স্বাগত জানানোর আগে ফিরে দেখা স্পোটর্সের কিছু মুহূর্ত তুলে দেওয়া হয়। প্রতিটি বছরই নানা ক্ষেত্রে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে বা ইভেন্ট থাকে যা বছর শেষে স্মৃতিতে থেকে যায়। ব্যতিক্রম নয় স্পোর্টসও।
এশিয়ান গেমস : ২০২৩ এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করেছে ভারত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার একশো পদকের মাইলস্টোন স্পর্শ করেছে ভারতীয় অ্যাথলিটরা। মোট ১০৭টি পদক আসে ভারতের ঝুলিতে। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে শেষ করে ভারত।
এশিয়া কাপ: ২০২৩ সালে ভারতের সিনিয়র ক্রিকেটের সাফল্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে ভারত দাপটের সঙ্গে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে অপরাজিত হয়ে উঠেছিল। কিন্তু অষ্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায়। ষষ্ঠবার একদিনের বিশ্বকাপ জেতে ব্যাগি গ্রিনরা। প্রতিযোগিতার সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি ও সবচেয়ে বেশি উইকেট পান মহম্মদ সামি।
এদিকে, ২০২৩ সালে দ্বিতীয়বারও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মরসুমেও ফাইনালে ওঠে ভারত। কিন্তু ট্রফি জিততে পারেনি। আরও একবার ফাইনালে উঠে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০৯ রানে জেতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
আইপিএল ২০২৩: আরও এক রদ্ধশ্বাস আইপিএলের সাক্ষী থেকেছে আইপিএল ২০২৩। বৃষ্টি বিঘ্নিত ফাইনাল চলে ২ দিন ধরে। শেষ পর্যন্ত গুজরাত টাইটন্সকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় এম এস ধোনির চেন্নাই সুপার কিংস।
আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান: বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ২০২২-২৩ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে মোহনবাগান সরিয়ে নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্ট করার কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা।
উয়েফা নেশসন লিগ: ২০২২-২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি জেতে স্প্যানিশ আর্মাডারা। গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে স্পেন। ফাইনালে উঠে আরও একবার ট্রফি অধরা থেকে যায় লুকা মদ্রিচদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: চলতি বছরের ১১ জুন আয়োজিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি ও ইন্টার মিলান। রড্রির করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।
এশিয়ান গেমস: এশিয়ান গেমসে সবথেকে বেশি সোনা ও মোট পদক এই বছরেই জিতেছে ভারত। এর আগে এত বেশি পদক জেতেনি ভারতীয় অ্যাথলিটরা। ২০২৩ এশিয়ান গেমসে ভারত মোট ১০৭টি পদক জেতে। যার মধ্যে সোনা ২৮টি, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ ছিল।
ভারতীয় হকিঃ একটা সময় বিশ্ব সেরা ছিল ভারতীয় হকি, অলিম্পিকে রেকর্ড সংখ্যক সোনা জয়ের নজিরও আছে ভারতের। কিন্তু মাঝের কয়েক দশকে ভারতীয় হকি তার কৌলিন্য অনেকটাই হারিয়েছিল। অলিম্পিকেও হতাশাজনক ফলাফল হচ্ছিল। আন্তর্জাতিক ইভেন্টেও সাফল্য আসছিল না। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে ভারত। চলতি বছরেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন মনপ্রীত-হরমনপ্রীতরা। এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমস দুটি বড় টুর্নামেন্টেই সাফল্য পেয়েছে ভারতীয় পুরুষ দল।
ব্যাডমিন্টন ও চিরাগ-সাত্ত্বিক জুটি: ভারতীয় এই তারকা ব্যাডমিন্টন জুটির জন্য ২০২৩ সাল ছিল স্বপ্নের বছর। এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিয়েছেন তাঁরা। এছাড়া এশিয়া চ্যাম্পিয়নশীপেও চ্যাম্পিয়ন হয় এই জুটি। অক্টোবর মাসে ব্যাডমিন্টনে বিশ্ব র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করে চিরাগ সাত্ত্বিক জুটি।
দাবা ও রমেশবাবু প্রজ্ঞানন্দ: ৩৭ বছর পর শীর্ষ স্থান হারান গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। তাঁকে পিছনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু হন ডি গুকেশ। অন্যদিকে দাবার বিশ্বচ্যাম্পিয়নশীপে বিশ্বের ২ নম্বর এবং ৩ নম্বর দাবাড়ুকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। তবে ফাইনালে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান তিনি।
অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে ক্রিকেট সহ মোট ৫টি খেলার অন্তর্ভুক্তিকরণে সিলমোহর পড়ে। শেষবার ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। ২০২৮ অলিম্পিক থেকেই ক্রিকেট হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই টি-২০ ফরম্যাটে খেলা হবে।
ভারতীয় ফুটবল: ২০২৩ সাল ভারতের ফুটবলে মনে রাখার মতো একটি বছর। এই বছরেই ভারত শক্তিশালী কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল কাপও জেতে সুনীলরা। ২০২৩ সালেই হাঙ্গেরীর কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে টপকে যান সুনীল ছেত্রী।
নীরজ চোপড়া: ২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগ এবং লুজেন ডায়মন্ড লিগে সোনা জেতেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন নীরজ। পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্যও যোগ্যতা অর্জন করেন।
কুস্তিঃ ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ হওয়ায় প্রতিবাদে গর্জে ওঠেন ভারতীয় কুস্তিগীররা। প্রতিবাদে কুস্তি ছাড়ার ঘোষণা করেন সাক্ষী মালিক। একের পর এক জাতীয় পুরস্কার ফেরাতে থাকেন ভীনেশ ফোগত, বজরং পুনিয়ারা।
