বিরাট কোহলিকে শতরান করতে দেওয়ার জন্যই নাকি ওয়াইড দেওয়া হয়নি। আম্পায়ার ইচ্ছা করে ওয়াইড দেননি বলে অভিযোগ অনেকের। কিন্তু আইসিসি-র নতুন নিয়ম বলছে, আম্পায়ারের সিদ্ধান্তই ঠিক। ওটা ওয়াইড ছিলই না।
পুণেতে ৪২তম ওভারে বল করতে আসেন নাসুম আহমেদ। তিনি প্রথম বলটাই রাখেন লেগ স্টাম্পের বাইরে। সকলে ভেবেছিলেন বলটি ওয়াইড। কিন্তু আম্পায়ার রিচার্ড কেটলবরো ওয়াইড দেননি। সেই সময় ভারতের জয়ের জন্য চাই ২ রান। কিন্তু শতরান করার জন্য বিরাটের ৩ রান প্রয়োজন ছিল। ওই বলটি ওয়াইড হয়ে গেলে বিরাটের কাছে কঠিন হয়ে যেত শতরান করা। হয়তো নাসুম আরও একটি রান অতিরিক্ত হিসাবে দিয়ে দিতেন। তাতে বিরাটের আর শতরান করা হত না। যদিও বিরাট বেশি অপেক্ষা করাননি। তিনি ছক্কা মেরে ম্যাচ জেতান এবং শতরান করেন। কিন্তু ওয়াইড কেন দেওয়া হল না?
