১৫.০১.২৪ সময়ঃ ০৫.৫৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়া ওপেনের ম্যাচের আগে নোভাক জোকোভিচকে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এবার সেই প্রস্তাবের উত্তর দিলেন জোকা। বললেন একদিন একসঙ্গে খেলার অপেক্ষায় আছি।
বিরাট কোহলি এবং জোকোভিচের মধ্যে বন্ধুত্ব সম্প্রতি অন্য মাত্রায় পৌঁছেছে। কারণ দুই ক্রীড়াবিদ তাদের পারস্পরিক প্রশংসা প্রকাশ্যে প্রকাশ করেছেন।
বিরাট সম্প্রতি বিসিসিআইয়ের একটি ভিডিয়োতে জোকোভিচের প্রশংসা করেছেন, কীভাবে তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে সার্বিয়ান টেনিস আইকনের সঙ্গে সংযুক্ত হয়েছেন সেই গল্পটি ভাগ করেছেন। পাল্টা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রতি নোভাক জানিয়েছেন যে, তিনি আর বিরাট একে অপরকে টেক্সট করেন। এবার সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভিডিয়োর প্রতিক্রিয়া জানিয়েছেন নোভাক।
রবিবার জকোভিচ প্রসঙ্গে বিরাটের দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। এবার তাঁর প্রতিক্রিয়াও দিয়েছেন জোকোভিচ। জোকার সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই বার্তার জন্য বিরাট কোহলিকে অনেক ধন্যবাদ, আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা একসঙ্গে খেলব।’
একইসঙ্গে টেনিস বল ও ক্রিকেট ব্যাট ও বলের ইমোজি পোস্ট করেছেন জোকার। অর্থাৎ তিনি যেমন কোহলির সঙ্গে ক্রিকেট খেলবেন তেমনই বিরাটকেও তাঁর কোর্টে স্বাগত জানালেন।
