ATM CASH FIRE- ডাকাতদের ভুলে পুড়ে ছাই লক্ষাধিক টাকা


বাবন ধুঁয়া, ১৫.০১.২৪ সময়ঃ ০৫.২৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এটিএমে ডাকাতির ছক ছিল। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা হাতিয়ে চম্পট দেবে, এটাই ছিল দুষ্কৃতীদের পরিকল্পনা। কিন্তু মাঝপথেই বিপদ। এটিএম মেশিন কাটার আগেই দাউদাউ করে আগুন ধরে গেল। পুড়ে ছাই হয়ে গেল ২১ লক্ষ টাকা। আগুন দেখেই পালিয়েছিল ডাকাতরা। এখনও তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের  থানেতে। সেখানে ডোম্বিভেলির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ডাকাতির ছক ছিল। রাত ১টা নাগাদ গ্যাস কাটার নিয়ে এটিএমে ঢুকেছিলেন তারা। এটিএম যন্ত্র গ্যাস কাটার দিয়ে কেটে টাকা বার করার চেষ্টা করছিলেন। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। গ্যাস কাটার দিয়ে যন্ত্র কাটার সময়ে তা বেশি গরম হয়ে যায়। ওই তাপে আগুন ধরে যায় যন্ত্রের ভিতরে রাখা টাকাতেও। মুহূর্তের মধ্যে সমস্ত টাকা দাউ দাউ করে জ্বলতে থাকে। পুলিশের তরফে জানানো হয়, রাত একটা থেকে দুটোর মধ্যে এটিএমে ঢোকে কয়েকজন দুষ্কৃতি। যদিও তালাবন্ধ ছিল এটিএম। গ্যাস কাটার ব্যবহার করেই তালা খুলে ঢুকে পড়ে তারা। জ্বলন্ত এটিএম দেখেই ডাকাতরা পালিয়েছে বলে অনুমান পুলিশের।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সময়ে এটিএমে মোট ২১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা ছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছে বিশাল অঙ্কের নগদ। এছাড়াও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিএম মেশিন-সহ অন্যান্য অনেক জিনিস। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *