বাবন ধুঁয়া, ১০.০১.২৪ সময়ঃ ৩.৩৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের বড় ট্রেন দুর্ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন। তেলঙ্গানায় নামপল্লী স্টেশনে লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি কোচ। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদা দুর্ঘটনাটি ঘটে। এই রেলওয়ে স্টেশনটি একটি টার্মিনাল স্টেশন যেখানে ট্রেনগুলি এসে দাঁড়ায়। ট্রেনটির শেষ কামরাটি টার্মিনালে ঢোকার আগেই থামানো উচিত ছিল। তবে কোনও ভাবে ট্রেনটি থামেনি। লোকো পাইলটের গাফিলতি থাকতে পারে। কোনও ভাবে ওভারশট হয়ে যায় ট্রেনটি। ঘটনায় লাইনচ্যুত হয় তিনটি কোচ। এর ফলে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ মধ্য রেলওয়ের সিপিআরও রাকেশ। প্রসঙ্গত, গত বছর জুন মাসে ওড়িশার বালাশোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ওই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২৯৬ জন। আহত হয়েছিলেন ১২০০ জনেরও বেশি। ২ জুন সন্ধ্যায় বালেশ্বরের অনতিদূরে অবস্থিত বাহানাগা বাজার স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ইস্পাত ভর্তি মালবাহী ট্রেনকে সজোরে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল পাশের ট্র্যাকে। এরপর উল্টো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ধাক্কা মেরেছিল সেই বগিগুলিতে। সারা দেশজুড়ে রেল দুর্ঘটনা রুখতে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কয়েক দিন আগেই কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় রেল দুর্ঘটনা রুখতে কবচ সিস্টেম এখনও পুরোপুরি লাগু করতে পারেনি বলে অভিযোগ।
