দিন দর্পণ, লখনউঃ যোগীরাজ্যের আরও এক শহরের নাম বদল! আগেই এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। এবার বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা শহরের নয়া নাম প্রস্তাব পাস করল। উত্তরপ্রদেশের ঐতিহাসিক এই নগরীর নতুন নাম হবে ‘হরিগড়’।
দু’বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়ই দাবি উঠেছিল। শেষ পর্যন্ত বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা আনুষ্ঠানিক ভাবে সেই দাবিতে সায় দিয়ে প্রস্তাব পাস করল। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের নতুন নাম হবে হরিগড়! আলিগড় পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সঞ্জয় পণ্ডিত সোমবার প্রস্তাবটি পেশ করেন। মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন।’ লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে নতুন করে শুরু হওয়া নাম বদলের প্রক্রিয়া ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
২০১৭ সালে যোগী প্রথমবার উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক শহরের নাম বদলানো হয়েছে। তাঁর জমানায় এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। যোগী রাজ্যের নাম বদলের ধারাবাহিক বৃত্তান্তে সাম্প্রতিকতম সংযোজন আলিগড়। সম্প্রতি আজমগড়ের নাম বদলে আর্যমগড় এবং মৈনপুরীর নাম ময়নগর করার ইঙ্গিত দিয়েছেন যোগী। সুলতানপুর, গাজিপুর, ফারুকাবাদের নাম বদল হতে পারে বলেও সরকারি সূত্রের খবর।
আলিগড়কে ‘তালা শহর’ বলে জানে গোটা দেশ। সেই শহরের নামের সঙ্গে জড়িয়ে আছে আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় বিমানবন্দরের নামও। সেই আলিগড়ের নাম বদলের পর ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের নাম বদলের উদ্যোগ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, কয়েক বছর আগেই আলিগড় বিমানবন্দরের নাম প্রয়াত বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নামে করার প্রস্তাব ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। ২০২১ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের পর আলিগড় জেলা পরিষদ জেলার নাম বদলে হরিগড় করার প্রস্তাব পাস করানোর পরে বিক্ষোভ, আন্দোলন হয়েছিল সেখানে।
এদিকে আলিগড়ের নাম বদল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা ঐতিহাসিক শহরের নাম বদলের চেষ্টা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। উল্লেখ্য, আজকের আলিগড় বলতেই ঐতিহ্যশালী আলিগড় বিশ্ববিদ্যালয়ের কথা উঠে আসে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি বিশ্ববিদ্যালয়ের নামেও বদল ঘটবে?
ছিল হল
এলাহাবাদ প্রয়াগরাজ
মুঘলসরাই দীনদয়াল উপাধ্যায় নগর
ফৈজাবাদ অযোধ্যা
ফিরোজাবাদ চন্দ্রনগর
আজমগড় আর্যমগড়
মৈনপুরী ময়নগর
আলিগড় হরিগড়
বদলাতে পারে সুলতানপুর, গাজিপুর, ফারুকাবাদের নামওঃ সূত্র
