পদ ফিরে পাচ্ছেন ব্রাজিল ফুটবল প্রধান রদ্রিগেজ


দিন দর্পণ, ৫ জানুয়ারি: মাঠে ব্রাজিল ফুটবল দলের খেলা আকর্ষণ হারালেও মাঠের বাইরের চিত্র কিন্তু তেমন নয়। মাঠের বাইরে প্রতিনিয়ত জমে উঠছে নাটক। এর মধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পদ নিয়েই গত এক মাসে ঘটে গেছে অনেক ঘটনা। ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় সিবিএফ সভাপতি এনদালদো রদ্রিগেজকে । এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য একজন প্রশাসকও নিয়োগ দেওয়া হয়।

তবে এখন এসে ঘটনা নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক ক্ষমতাচ্যুত সভাপতিকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। ফলে নিম্ন আদালতের দেওয়া রায় স্থগিত হয়েছে এবং ক্ষমতাচ্যুত হওয়া সভাপতি এনদালদো রদ্রিগেজ আগের দায়িত্বে ফিরে আসার সুযোগ পেয়েছেন।

এর আগে রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে চিঠি পাঠিয়ে সিবিএফকে সতর্ক করে ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সেই সতর্কবার্তায় বলা হয়, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় ফিফা ও কনমেবল। সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি রদ্রিগেজকে সাম্প্রতিক সময়ে আইনি দ্বন্দ্ব, জাতীয় দলের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন। তাঁকে পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, ‘আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাত্ক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’

অস্থায়ী আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, তবে মেন্ডেসের প্রাথমিক রায়কে ব্রাজিলের শীর্ষ আদালতের অন্য ১০ সদস্য বিশ্লেষণ করে চূড়ান্ত রায়ের তারিখ নির্ধারণ করবেন।সিবিএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ঘটনার তদন্ত করতে চার দিন পরই ফিফা ও কনমেবল কর্মকর্তাদের আসার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *