J&K ENCOUNTER- লস্কর জঙ্গিকে খতম ভারতীয় সেনার


দিন দর্পণ, ফের ভয়ংকর গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে মৃত্যু হল এক লস্কর জঙ্গির। শুক্রবার নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এই জঙ্গি। সেনা সূত্রে খবর, এক সেনা আধিকারিক, কাশ্মীরি পণ্ডিত এবং দুই শ্রমিককে খুনের ঘটনায় জড়িত ছিল এই জঙ্গি। নিহত জঙ্গির নাম বিলাল আহমেদ ভাট।

সেনা সূত্রে খবর, এই লস্কর জঙ্গি চেক চোলানের বাসিন্দা। উপত্যকায় বেশ কয়েকটি হামলা এবং খুনের ঘটনায় জড়িত ছিল সে। কুলগামে উমর ফৈয়াজ নামে এক সেনা আধিকারিককে খুন করা হয়েছিল। এ ছাড়া সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিত সুনাল কুমার ভাট এবং হারমেনে দুই শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল বিলালের বিরুদ্ধে। তার পর থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ বিলালকে খুঁজছিল।

শুক্রবার গোপন সূত্রে খবর পায় সেনা। দক্ষিণ কাশ্মীরের চটিগাম গ্রামে আশ্রয় নিয়েছে লস্কর জঙ্গি বিলাল। সেই খবর পেয়ে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযানে যায়। যৌথবাহিনীকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে একটি বাড়ি থেকে গুলি চালাতে শুরু করে বিলাল। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। দু’পক্ষের মধ্যে কিছু ক্ষণ গুলির লড়াই চলে। সেই সংঘর্ষেই মৃত্যু হয় লস্কর জঙ্গির। ঘটনাস্থল থেকে ওই জঙ্গির দেহ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনার এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় যুবকদের জঙ্গিদলে যোগ দিতে উৎসাহ দিত বিলাল। শুধু তাই-ই নয়, যুবকদের জঙ্গিদলে যোগ দেওয়ানোরও কাজ করত সে। বিলালের কাছ থেকে প্রচুর অস্ত্র, একে ৪৭, গ্রেনেড এবং কার্তুজ উদ্ধার হয়েছে।

বলে রাখা ভালো, কয়েকদিন আগেই এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, নিয়ন্ত্রণরেখা বরাবর টেরর লঞ্চপ্যাডগুলোকে সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *