সুপর্ণা দের, ০৫.০১.২৪ সময়ঃ ৪.২৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া, ইজরায়েল-হামাসের পর এবার দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দিলো। শুক্রবার উত্তর কোরিয়া তার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে প্রায় ২০০টি আর্টিলারি শেল ছুঁড়ে মারে। এরপর সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।
এর আগে, ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার এক দ্বীপ লক্ষ্য করে গোলা ছুড়েছিল উত্তর কোরিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে এত বড় সামরিক সংঘাত আর দেখা যায়নি।
তবে, গত কয়েকদিন ধরে কিম জং উন প্রশাসনের পক্ষ থেকে বারবার দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছিল। তার মধ্যেই এই হামলা। দক্ষিণ কোরিয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, এই হামলা উস্কানিমূলক। তাদের অবিলম্বে এই ধরনের কর্মকান্ড বন্ধ করার জন্য আমরা সতর্ক করেছি।
এনিয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন, তাঁদের নিজেদের সেনাবাহিনীই গোলাগুলি ছুড়ে মহড়া দিচ্ছে। পরে জানতে পারেন, উত্তর কোরিয়া থেকে ওই গোলা ছোড়া হচ্ছে।
উল্লেখ্য, দুই কোরিয়ার সম্পর্ক এখন একেবারে তলানিতে ঠেকেছে। এর মধ্যে নিজের দেশকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করেছেন কিম জং উন। ২০২৩-এর শেষে দক্ষিণে পারমাণবিক হামলার সতর্কতাও জারি করেছিলেন কিম। যেকোনও সময় যুদ্ধ লাগতে পারে বলে সতর্ক করেছিলেন নিজের সেনাবাহিনীকে।
