সিডনি, ৪ জানুয়ারি, মাঠে নামার সময় গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তালি দিয়ে শুভেচ্ছা জানায় তাঁকে। কিন্তু ব্যাট হাতে স্মরণী হল না প্রথম ইনিংস। বৃহস্পতিবার সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে বিদায়ী টেস্টে ৩৪ রানে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে পাকিস্তানের আঁটসাঁট বোলিংয়ের সামনে স্বভাবজাত আগ্রাসী ব্যাটিং করতে পারেননি তিনি। ২০ রানে জীবনও পান ওয়ার্নার। নিজের ১১২তম ও শেষ টেস্টে খেলতে নেমে লাঞ্চের আগে আগা সালমানের বলে বাবর আজমের হাতে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়ার্নার। এরপর ৪৭ রানে উসমান খোয়াজাকে আউট করেন আমির জামাল।
পাকিস্তানি বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে এরপর আরও কমে আসে অস্ট্রেলিয়ার রানের গতি। ভীষণ সাবধানে ব্যাট করতে থাকা খাওয়াজা বিদায় নেন শেষ পর্যন্ত আলগা শটে। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে টানা বল করতে থাকা জামাল উইকেটের দেখা পান লেগ স্টাম্পের বেশ বাইরের বলে। পুল করার চেষ্টায় ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ধরা পড়েন খাওয়াজা।৪৭ রান করতে ১৪৩ বল খেলেন খাওয়াজা।
আজ পাকিস্তানের ৩১৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার ২ উইকেট হারিয়ে ১১৬ রান করে। ক্রিজে মার্নাস লাবুশানে ২৩ ও স্টিভ স্মিথ ৬ রানে অপরাজিত আছেন। এখনও সিডনি টেস্টে ১৯৭ রানে পিছিয়ে রয়েছে কামিন্সরা।
বৃষ্টি ও খারাপ আলোর কারণে দ্বিতীয় দিনের অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়। খেলোয়াড়রা আরও ৪০ মিনিটের জন্য মাঠের বাইরে অপেক্ষা করেন, তাঁদের সঙ্গে আশায় ছিলেন ২৫ হাজার সমর্থকও, অবশেষে বৃষ্টি শুরু হলে আজকের দিনটিকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।
