দিন দর্পণ, ৩০ আগস্ট: বন্যায় নাজেহাল পাকিস্তান। সিন্ধু জল চুক্তি স্থগিত থাকলেও ভারত কূটনৈতিক মাধ্যমে বন্যার আগাম সতর্কবার্তা দিয়েছিল পাকিস্তানকে। এর ফলে প্রায় দেড় লক্ষ মানুষের প্রাণ বেঁচেছে বলে মনে করা হচ্ছে। আর এরই মধ্যে এবার ভারতকে নিয়ে আজব বয়ান দিলেন পাক প্রতিরক্ষাশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ। শিয়ালকোটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করার সময় আসিফ সাংবাদিকদের বলেন, পাকিস্তানের বন্যার জন্য ভারত দায়ী।
খাজা আসিফ বলেন, বন্যার জলে নাকি ভারত থেকে মৃতদেহ ভেসে আসছে পাকিস্তানে। এছাড়া তাঁর আরও দাবি, গবাদি পশুর মৃতদেহ এবং বিভিন্ন পরিকাঠামোর ধ্বংসাবশেষও নাকি ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে বন্যার জলে। এদিকে বন্যা নিয়ে পাকিস্তান ভারতের দিকে আঙুল তুললেও জানা গিয়েছে, ভারতের সতর্কবার্তা পেয়েই পাক প্রশাসন দেড় লক্ষ মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে আগেভাগেই নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছিল।
এদিকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর লাহোরও বন্যার জলে তলিয়ে গেছে। লাহোরের অনেক আবাসিক এলাকা এখন জলমগ্ন। উল্লেখ্য, লাহোরের পশ্চিম দিক দিয়ে বয়ে যায় রবি নদী। এদিকে প্রায় ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো লাহোর শহর বন্যার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
