টিটাগড় এলাকায় ডায়রিয়া আক্রান্ত ৫০-এর বেশি মানুষ


দিন দর্পণ, ৫মে, টিটাগড়ঃ প্রবল গরম এবং সাথে মাঝে মাঝে ঝড়বৃষ্টির প্রকোপে তাপমাত্রার বিপুল পরিমাণে পরিবর্তন হচ্ছে।এই আবহাওয়ার কারণে বিভিন্ন রোগের প্রকোপ দেখা যাচ্ছে।টিটাগড় পুরসভার বিস্তীর্ণ এলাকা-সহ পার্শ্ববর্তী খড়দহ ও পানিহাটি পুর এলাকায় ছড়াল ডায়রিয়া।পেটের অসুখ নিয়ে প্রায় ৫০ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।বেশিরভাগের চিকিৎসা চলছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে।

এই হাসপাতালে চিকিৎসা চলছে খড়দহ যুব তৃণমূল সভাপতি দিব্যেন্দু চৌধুরীর মায়ের।শনিবার রাতে ভর্তি হয় বলরাম হাসপাতালের নিরপত্তারক্ষী তরুণ বাগ ও তাঁর মা।তাঁদের বাড়ি খড়দহ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড।তরুণের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় তাকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করাতে হয়।এরপর থেকে টিটাগড় এলাকারই বেশি বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছে।খড়দহ এবং পানিহাটি পুর এলাকারও অনেকে ভর্তি হয়েছে।প্রায় ৬০-৬৫ জন এই হাসপাতালে ভর্তি রয়েছে।বলরাম হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক সহ আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত।

বিগত তিনদিনে টিটাগড় সহ সংলগ্ন এলাকার এই বিপুল সংখ্যক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে।পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে’র দাবি, ১নম্বর ওয়ার্ডের একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকারের বক্তব্য, তাঁর পুর এলাকার তিনজন ডায়রিয়ায় আক্রান্ত।স্বাভাবিকভাবেই টিটাগড় পুরসভার পানীয় জলের সমস্যা থেকেই এই রোগ ছড়িয়েছে বলেই দাবি করা হচ্ছে।এনিয়ে টিটাগড় পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ১৫-২০জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি জানান, আমি নিজে সোমবার সকালে এলাকায় গিয়েছিলাম, মনে হচ্ছে দু-একটি পানীয় জলের কলে সমস্যা হয়েছে।গোটা এলাকায় সমস্যা নেই।পানীয় জলের নমুনা সংগ্রহ করে এদিনই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।আতঙ্কিত হবেন না।খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গল, বুধবারের মধ্যে এলাকায় মেডিক্যাল ক্যাম্পও করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *