দিন দর্পণ, ২৮এপ্রিল, নয়াদিল্লিঃ পহেলগাঁও হামলার আবহে বড়সড় পদক্ষেপ নিলো কেন্দ্র।নৌসেনাকের শক্তিশালী করতে এবার ফ্রান্সের থেকে ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত করল কেন্দ্র।সর্বমোট ৬৩ হাজার কোটি টাকার চুক্তি করবে দুই দেশ।কথাবার্তা অনেক আগে থেকেই চূড়ান্ত হয়েছিল।৬৩ হাজার কোটি টাকায় ভারত, ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে।ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি।
এই চুক্তি অনুযায়ী, ২২টি একই আসনের নৌ-সংস্করণ এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান ২০৩১ সালের মধ্যেই ভারতে সরবরাহ করা হবে।সেনা সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে।এছাড়াও চুক্তির মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণ ইত্যাদি।রাফাল-এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ-যুদ্ধবিমান, যা শুধু এখন ফ্রান্সের কাছেই রয়েছে।এ বার তা ভারতও পেতে চলেছে।পহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েই চলেছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান।এই পরিস্থিতিতে সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ইতিবাচক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞেরা।
২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতে আনার চুক্তি হয়।সেইমতো রাফালের প্রথম ব্যাচটি এসে পৌঁছোয় ২০২০ সালের জুলাই মাসে।এ বার বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও ২৬টি যুদ্ধবিমান এলে জলপথ থেকেই আক্রমণ শানাতে পারবে ভারত।ক্যাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফাল-এম।বায়ুসেনা রাফাল যুদ্ধবিমানগুলি বর্তমানে হরিয়ানার অম্বালা এবং আলিপুরদুয়ারের হাসিমারা; এই দুই ঘাঁটি থেকে পরিচালিত হয়। ভারতের ভাঁড়ারে এই মুহূর্তে যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে।পুরনো আমলের মিগ-২১ বিমানগুলি ধাপে ধাপে বাতিল হয়েছে।ভারতীয় বায়ুসেনার হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা।কিন্তু তা এখন ৩২-এ নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।তবে নতুন চুক্তির ফলে সেই ঘাটতি মিটবে বলেই মনে করছেন অনেকে।
