দিন দর্পণ, ২২ এপ্রিল, কলকাতাঃ এপ্রিলের শুরুতেই গ্রীষ্মের দাবদাহে হাসফাঁস করতে শুরু করেছে দক্ষিণবঙ্গ।মাঝে দিন কয়েক বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই।সঙ্গে বেলা বাড়তেই মাথার উপর রোদের প্রকোপ।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে বৃষ্টি চললেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।বরং তাপমাত্রা বাড়বে।গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।কিন্তু কেন এই পরিস্থিতি? কবেই বা বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে?
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ থেকেই বাড়বে তাপমাত্রার পারদ।রাজ্যের সব জেলায় একযোগে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না।পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় দাবদাহ বাড়বে আগামী কয়েকদিনে।তবে শনিবার থেকে ফের ঝড়, বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।
এই পরিস্থিতি চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন পাতলা ও হালকা রঙের পোষাক ব্যবহার করার।বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলতে ছাতা ব্যবহার করতে বলা হচ্ছে।এই মাত্রাতিরিক্ত গরমে ওআরএস, ফলের জুস এবং সবজি বেশি করে খেতে হবে।এছাড়া যদি গরমে রাস্তায় কারোর মাথা ঘোরা বা তীব্র মাথা ব্যাথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট হয় তাহলে সেই ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে।হিটস্ট্রোকে আক্রান্ত হওয়া ব্যক্তিকে যত দ্রুত সম্ভব শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে।শরীরের তাপমাত্রা কমাতে মাথায় জল ও বরফ দিতে হবে।
তবে আগামী কিছুদিনের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা কতটা কমবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।দিনের পর দিন এই তাপমাত্রা বৃদ্ধিতে পরবর্তীকালে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
