দিন দর্পণ, ১৯এপ্রিল, কলকাতাঃ আগামী সোমবার ২১শে এপ্রিল আবারও শহরের ঐতিহাসিক ইডেন গার্ডেনে মুখামুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটানস।ওই দিনের দর্শকদের রাতে খেলা দেখে বাড়ি ফেরার জন্য থাকচে বিশেষ রাত্রিকালীন মেট্রো।ক্রিকেট প্রেমীদের ইডেনে খেলা দেখে যাতে বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয় তার জন্য থাকবে এই বিশেষ মেট্রো।বিশেষ মেট্রো থাকলেও দিতে হবে বাড়তি কিছু ভাড়া।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের আবেদনে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী ২১ এপ্রিল ইডেনে খেলার জন্য মাঝরাতে বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নিয়েছে।ওইদিন মাঝ রাতে গ্রিন লাইন ২ এবং ব্লু লাইনে চালানো হবে বিশেষ মেট্রো।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইন থেকে ওইদিন রাত ১২ টার সময় স্পেশাল মেট্রো ছাড়বে।ট্রেনটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছাবে ঠিক রাত ১২টা ৩৩ মিনিটে।অপরদিকে, ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইন থেকে আরও একটি মেট্রো রাত ১২ টার সময় ছাড়বে।ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছাবে রাত ১২টা ৩৩ মিনিটে।
অন্যদিকে, জানা গিয়েছে, গ্রিন লাইন ২-এর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবার মেট্রো পাওয়া যাবে রাত ১২টার সময়।ট্রেনটি হাওড়া ময়দান পৌঁছবে রাত ১২টা ০৮ মিনিটে।তবে বিশেষ এই মেট্রো জন্য যাত্রীদের ১০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে বলেই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।আরও জানানো হয়েছে, স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য বা টোকেন কেনার জন্য এবং পেপার টিকিট কেনার জন্য ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টার গুলি খোলা থাকবে।
