ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তপ্ত বাংলাকে শান্তির বার্তা মমতার


দিন দর্পণ, ১২এপ্রিল, কলকাতাঃ ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত বাংলার বহু এলাকা।দিকে দিকে প্রতিবাদের সুর।কিন্তু, এরই মাঝে তুমুল অশান্তির ঝড় উঠেছে মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে।অশান্তি ছবি ফুটে উঠেছে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায়।এই সমস্ত এলাকার পরিস্থিতি রীতিমতো ভয়ানক।এই একই অশান্তির ছবি দেখা যাচ্ছে জঙ্গিপুর, আমতলা, চাঁপদানিতেও।রেলের সম্পত্তি তছনছ করা হয়েছে।কোনও কোনও জায়গায় অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সরকারি বেসরকারি গাড়ি-বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

এরইমধ্যে এবার শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।এক্স হ্যান্ডেলে করলেন তাঁর শান্তির বার্তা।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন।তাদের প্ররোচনায় পা দেবেন না।তিনি আরও লিখছেন, তসব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন।ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না।প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না।অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। এরপরই কেন্দ্রের কোর্টে বল ঠেলে মমতা লিখছেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি।আইনটি কেন্দ্রীয় সরকার করেছে।তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি , আমরা এই আইনকে সমর্থন করি না।এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না।পোস্টে মমতার আরও বক্তব্য, ‘মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব।কোনও হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন।তাদের প্ররোচনায় পা দেবেন না।আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি।সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন , এই আমার আবেদন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *