শিক্ষা পোর্টালে লগইন করতে ওটিপি বাধ্যতামূলক করল বিকাশভবন


দিন দর্পণ, কলকাতাঃ এবার ট্যাবকান্ড থেকে শিক্ষা নিয়েই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য সরকার।একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে শিক্ষা পোর্টালে লগইন করতে গেলে শুধুমাত্র আইডি-পাসওয়ার্ড ছাড়াও প্রয়োজন পড়বে ওটিপি-র।যে কেউ চাইল্ইে শিক্ষা পোর্টালে ইচ্ছেমতো লগইন করতে পারবে না।সঠিক ভেরিফিকেশনের জন্য ওটিপি প্রয়োগ করতে হবে।তারপরেই ‘তরূণের স্বপ্ন’ থেকে ‘কন্যাশ্রী’; যে কোনও সরকারি প্রকল্পের পোর্টালে ঢুকতে পারবেন স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লগ ইন করার সময় সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি ঢুকবে।এই ওটিপি আসবে প্রধানশিক্ষকদের কাছে।ফলে এখন থেকে কোনও সরকারি প্রকল্পের টাকায় তছরুপ কিংবা দুর্নীতির অভিযোগ উঠলে দায় এড়াতে পারবেন না প্রধানশিক্ষকেরা।

ইতিমধ্যেই সমস্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।নয়া ব্যবস্থা চালু করার জন্য চলতি মাসের ১০, ২০ এবং ২৫ তারিখে সংশ্লিষ্ট সার্কেল অফিসে এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠাতে হবে প্রধানশিক্ষকদের।তথ্য হিসেবে পাঠাতে হবে প্রধানশিক্ষকের নাম, ফোন নম্বর এবং আধার নম্বর।তার পর কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই প্রযুক্তির সাহায্যে এই নাম নথিভুক্তকরণ এবং পাসওয়ার্ড তৈরির কাজ করা হবে।সব শেষে জেলা স্কুল পরিদর্শক অনুমতি দিলে চালু হয়ে যাবে লগ ইনের নতুন পদ্ধতি।

প্রসঙ্গত, রাজ্যের সরকারি স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিল সরকার।এই প্রকল্পের অধীনে এককালীন ১০ হাজার টাকা করে পান পড়ুয়ারা।আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা চলে যায়।স্কুলের মাধ্যমেই করা হয় আবেদন।অভিযোগ, গত বছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি।বরং তা চলে গিয়েছে অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে।টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এটিএম থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ।সেই তদন্তে নেমে বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে কৃষক; সকলেই রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *