হায়দ্রাবাদ জোড়া বিস্ফোরণের অভিযুক্তদের ফাঁসির ঘোষণা তেলেঙ্গানা হাইকোর্টের


দিন দর্পণ, হায়দ্রাবাদঃ ২০১৩ সালে হায়দ্রাবাদের জোড়া বিস্ফোরণ কান্ডে দোষী পাঁচজনকে মৃত্যুদন্ড দিল তেলেঙ্গানা হাই কোর্ট।ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন।গুরুত্বর আহত হয়েছিলেন ১৩০ জনের কাছাকাছি।এই মামলায় এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কোর্ট দোষীদের ফাঁসির সাজা দিয়েছিল।উচ্চ আদালত সেই সাজা বহাল রাখল।

এনআইএ-র তদন্তে জানা গিয়েছিল, দোষী পাঁচ জন নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর সদস্য।২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের দিলসুখনগরে বাস স্ট্যান্ড এবং বিখ্যাত একটি খাবারের দোকানের কাছে কয়েক সেকেন্ডের ব্যবধানে জোড়া বিস্ফোরণ ঘটায় তারা।জনবহুল এলাকা হওয়ার কারণে  বিস্ফোরণের পর অনেক মানুষ হতাহত হন।এই ঘটনায় একে একে গ্রেপ্তার হয় আইএম সদস্য মহম্মদ আহমেদ সিদিবাপা ওরফে ইয়াসিন ভাটকল, জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, আসাদুল্লা আখতার ওরফে হাড্ডি, তেহসিন আখতার, আইজাজ শেখ।

২০১৬ সালের ডিসেম্বর মাসে ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় এনআইএ আদালত।তেলঙ্গানা হাই কোর্টের পর্যবেক্ষণ, এই বিস্ফোরণ ঘটানোর কাজ ‘বিরলের মধ্যে বিরলতম’।দোষীদের বিরুদ্ধে পোক্ত প্রমাণও মিলেছে।তাই দোষীদের সর্বোচ্চ সাজাই হওয়া উচিত।যদিও এখনও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবেন ওই পাঁচ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *