দিন দর্পণ, কলকাতাঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের সফরসূচিতে ফের বদল।শনিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি।রবিবার দিন লন্ডনে পৌঁছাবেন।কিন্তু, লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রীর সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।শনিবার সন্ধ্যায় কলকাতার আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে রাত ৮টা ২০ মিনিটের বিমানে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মাঝরাতেই পৌঁছবেন দুবাই বিমানবন্দরে।রবিবার ভোররাত ৩টের সময় দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন।
লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৭টায় এবং ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টা থেকে ১টা নাগাদ লন্ডনে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তার জেরে বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা।ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।বিমানবন্দরে সূত্রে খবর, এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করেনি।আবার মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল।কিন্তু হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে যায় বলেই খবর।২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন বলেই জানা গিয়েছিল।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার সন্ধে ৮টা ২০ মিনিটের বিমানে দুবাই হয়ে লন্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।২৫, ২৬ এবং ২৭ মার্চ , পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর।পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কি না, তা এখনও অজানা।
