দিন দর্পণ, দিঘাঃ দিঘায় গড়ে উঠতে চলেছে নতুন ওয়াটার পার্ক।সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে দিঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক।ইতিমধ্যে জমি চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে।ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা।দিঘায় ডিএসডিএ’র যে জাহাজ বাড়ি রয়েছে তার অনতিদূরেই সৈকতের কাছে তৈরি হবে এই ওয়াটার পার্ক।
ডিএসডিএ সূত্রের খবর, দিঘার ওয়াটার পার্কটি নিউটাউন এবং নিকো পার্কে থাকা ওয়াটার পার্কের আদলেই তৈরি হবে।ইতিমধ্যে দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে নিউদিঘায় তৈরি হয়েছে ঢেউ সাগর।যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো হন।এছাড়াও দিঘাতে একাধিক পার্ক গড়ে তোলা হয়েছে।সময়ের সাথে সাথে দিঘা যেন আরও বেশি করে মানুষের মনে জায়গা করে নিয়েছে।এছাড়া দিঘার এখন বড়ো আকর্ষণ পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির যা এই বছরের অক্ষয় তৃতীযার দিনেই খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য।এবার ওয়াটার পার্ক তৈরি হলে পর্যটকদের কাছে দিঘার আকর্ষণ যে আরও বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ওয়াটার পার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।ইতিমধ্যে জমিও চিহ্নিত করা হয়েছে।ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ চলছে।যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগ বাস্তবায়িত করা হবে।
