দিন দর্পণ, কলকাতাঃ বসন্তের মাসেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের।এবার এই গরমের মাঝেই স্বস্তির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।চলতি সপ্তাহেই এই মরশুমের কালবৈশাখীর সম্ভাবনা বাংলায়।একটানা তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।যার জেরে আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে।দক্ষিণের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে।মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে।বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি।আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না।বুধবার থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।আলিপুরদুয়ার ছাড়া চার জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।শনিবার ও রবিবারেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে।
