দিন দর্পণ, কলকাতাঃ গতকাল বুধবার রাত পর্যন্ত তৃণমূলের এক সারির নেতাদের ধারণা ছিল, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সীমিত সংখ্যক নেতৃত্ব উপস্থিত থাকবেন।কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই সেই ধারণা পাল্টে গিয়েছে।কারণ,১৫ মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও।
ভূতুড়ে ভোটার নিয়ে গত সপ্তাহে তৃণমূল ভবনে প্রথম বৈঠকে বসে ভোটার তালিকা সংক্রান্ত ওই কমিটি।কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক।তারপর জানানো হয়, ১৫ তারিখ পরের বৈঠক হবে।ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৈঠকে কোর কমিটির সদস্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যান এবং শাখা সংগঠনের প্রধানদের অংশ নেওয়ার কথা ছিল।সূত্রের খবর, দলের প্রায় সকলেই হাজির থাকবেন বৈঠকে।
রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুর তুলতে দেখা যায়।এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি।মুখ্যমন্ত্রী দাবি, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির।নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা।‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন।ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।এখন সকলের চোখ শনিবারের মেগা বৈঠকের দিকে।
