নিজস্ব প্রতিবেদনn আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারালেও আইসিসি-র টি-২০ বিশ্বকাপে টিম ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। সরকারিভাবে জাতীয় দলের তিন ফরম্যাটের নেতা তিনি।
তবে ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলেনি হিটম্যান। তাঁর অনুপস্থিতিতে টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব।
একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষের পর ভারতের ফোকাস আপাতত টি২০ বিশ্বকাপ। জুন জুলাইয়ে টি-২০ বিশ্বকাপের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। সেই বিশ্বকাপের আগেই জল্পনা শুরু হয়েছিল, রোহিতকে রেখেই টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান হবে কিনা, তা নিয়ে।
সেই জল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে। জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপে টিম ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতই। বিশ্বকাপে নামার আগে ভারত শেষ টি২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই দলেরও নেতৃত্বে রাখা হচ্ছে রোহিতকে। ইনসাইড স্পোর্টস-এর এক প্রতিবেদনে এই খবর কনফার্ম করেছেন বোর্ডের এক কর্তা। তিনি জানিয়েছেন, ‘বোর্ডের সঙ্গে রোহিতের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। এবং রোহিত টি-২০ দলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।’
জানুয়ারিতেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজকে রোহিতকে অধিনায়ক রেখে দল ঘোষণা করলেই সমস্ত জল্পনার অবসান ঘটবে।
