মালদহে সকালে বেপরোয়া লরির ধাক্কায় মৃত ৩


দিন দর্পণ, মালদহঃ বেপরোয়া লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা মালদহে।যাত্রীবাহী টোটোকে পেছন থেকে ধাক্কা লরির।টোটো চালক সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত টোটোর এক যাত্রী।বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়।

বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী টোটো দেওতলা থেকে একটি গাজোলের দিকে যাচ্ছিল।তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে আড়তে যাচ্ছিলেন।মালদহের গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কের ঘটনাটি ঘটে।মালদা থেকে গঙ্গরামপুরগামী একটি লরি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায়।ধাক্কায় ঘটনাস্থলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই চালক-সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাছ ব্যবসায়ী নিজামুদ্দিন শেখের (৫৫) বাড়ি খলম্বা এলাকায়।ললিত ভুইমালির (৬০) বাড়ি কাজিপাড়ায়।মৃত্যু হয়েছে টোটো চালক আলতাফ হোসেনের (৪২), তাঁর বাড়ি দেওতলা এলাকায়।এদিকে, গুরুতর আহত শামসুদ্দিন শেখ (৬০)।তিনি পেশায় সবজি ব্যবসায়ী।বাড়ি পদ্মপুকুর এলাকায়।স্থানীয়দের দাবি, ভোর নাগাদ টোটোতে করে তিন ব্যবসায়ী আসছিলেন গাজোলে কর্মস্থলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃতের পরিবারের সদস্যরা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *