দিন দর্পণ, মুম্বাইঃ ফেব্রুয়ারির বিদায়ের আগেই আবহাওয়ার এতো দ্রুত পরিবর্তন কেউই আশা করেননি।ফেব্রুয়ারি মাস শেষের আগেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল।জারি হয়েছে হলুদ সতর্কতাও।ইতিমধ্যেই মুম্বাই-এর তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৮।৫ ডিগ্রিতে।এমনকি, মুম্বই, ঠাণে, পালঘর, রত্নগিরি এবং নভি মুম্বইয়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা!
আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী তিন দিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ চলবে।তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে।সর্বোচ্চ তাপমাত্রা থেকে যা প্রায় ৫ ডিগ্রি বেশি!তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেড়ে যাওয়ায় এই সময়ে স্থানীয়দের বেশি করে জল খেতে বলা হয়েছে, নয়তো শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে।সঙ্গে শরীর শীতল রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে।এই কারণেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলগুলিতে।আবহাওয়া দফতরের এও পূর্বাভাস, আগামী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রাও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে।মার্চের শুরু থেকেই পুরোদস্তুর গরম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।তবে তার আগে এইভাবে তাপপ্রবাহের সতর্কতা সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে দিল।এখনই যদি এই অবস্থা হয়, আগামী এপ্রিল-মে-জুন মাসে কী অবস্থা হবে, তা ভেবেই কপাল ঘেমে যাচ্ছে সকলের।
শুধুমাত্র মুম্বই বা মহারাষ্ট্র নয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাতের অধিকাংশ এলাকা ছাড়াও গোয়া, কর্নাটক উপকূলে তাপমাত্রা ওপরের দিকেই থাকতে চলেছে।উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে এতটাও গরম অনুভূত না হলেও তুলনামূলক গরম থাকবে।যদিও এর মধ্যে জম্ম-কাশ্মীরে তুষারপাতের আভাস দেওয়া হয়েছে।তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হতে পারে অনন্তনাগ, শ্রীনগরের মতো এলাকায়।
