দিন দর্পণ, কলকাতাঃ সোমবার কলকাতায় রিজেন্ট পার্ক থানার কাছে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ করা হয় এক ফ্ল্যাটে।ঘটনায় জানা যায় ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল দুষ্কৃতীরা।গৃহকর্ত্রীর উপর হামলা চালানো হয় এবং পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে।গলায় ছুরি ঠেকিয়ে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।তারপরই পুলিশে অভিযোগ জানান গৃহকর্তী।
জানা গিয়েছে, নিজেই সোনা সরিয়ে ফেলে লুঠের গল্প সাজিয়েছিলেন ওই মহিলা ও তাঁর আত্মীয়।অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ঘটনার কিনারা করল পুলিশ।তদন্তকারীরা জানিয়েছেন, স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না চুরি করে ডাকাতির গল্প ফেঁদেছিলেন সোনালি বিশ্বাস নামে ওই মহিলা।দুদিনের মধ্যে ডাকাতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অনেক দিন আগেই সোনার গয়নাগুলি বিক্রি করে দিয়েছেন সোনালি।এর পরেই শুরু হয় জল্পনা, তবে কি লুটের ঘটনা সাজানো?
মঙ্গলবার সকালে ওই মহিলাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।সোনালি ধৃত আত্মীয়ের সঙ্গে হাত মিলিয়ে তাঁর স্বামীর প্রথম পক্ষের ছেলের বিয়ের গয়না সরিয়ে বিক্রি করে দিয়েছেন।এরপর ডাকাতির গল্প সাজিয়ে তিনি চুরির দায় থেকে বাঁচার চেষ্টায় ছিলেন।সেজন্য নিজেই সাজান গোটা ঘটনা।এরপর চুরি ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে সোনালি বিশ্বাস ও তাঁর আত্মীয় রাজা নাথকে গ্রেফতার করে পুলিশ।দু’জনে মিলে কোথায় কোথায় গয়নাগুলি বিক্রি করেছিলেন, তা জানার চেষ্টা চলছে।
