দিন দর্পণ, প্রয়াগরাজঃ মহাকুম্ভে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে ই চলেছে।এই একের পর এক দুর্ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ ভারতীয় রেলের।আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে।ফের ২৭ শে ফেব্রুয়ারি থেকে চালু করা হবে এই স্টেশন।শুধু তাই নয়, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড় এড়াতে প্রয়াগরাজগামী ১৫টি ট্রেনের রুট বাতিল করা হয়েছে।এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না।
মহাকুম্ভের কারণে দেশ বিদেশ থেকে মানুষ ভিড় করেছেন প্রয়াগরাজে।এখনো পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে।মহাকুম্ভের কারণে দেশের নানা জায়গা থেকে দুর্ঘটনার খবর সামনে এসেছে।গত শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের।বিরাট আয়োজন সত্ত্বেও প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রেল কর্তৃপক্ষের।এই অবস্থায় গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই স্টেশন বন্ধ রেখেছিল রেল।এবার মেলা চলাকালীন পুরোপুরি তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় আরও একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দেশের ব্যস্ততম ৬০টি স্টেশনে ‘হোল্ডিং জোন’ বা অতিরিক্ত স্থান সংকুলানের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।সূত্রের খবর, এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে এবং জরুরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তিকে ব্যবহার করা হবে।রেলের তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজ স্টেশন হয়ে যাওয়া ১৫টি দূরপাল্লার ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।যাতে পুণ্যার্থীদের ভিড় আটকানো যায়।মহাকুম্ভ চলাকালীন এই ১৫টি ট্রেন প্রয়াগরাজ স্টেশনে আসবে না।অন্যদিকে, দুর্ঘটনার পর নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
