মহাকুম্ভের পুণ্যস্নান সেরে ফেরার পথে নিহত ৭


দিন দর্পণ, প্রয়াগরাজঃ প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথেই ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা।একই সঙ্গে মৃত্যু হল ৭ পুণ্যার্থীর এবং আহত বেশ কিছুজন।মঙ্গলবার সকালেই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে।ঘটনার তীব্রতা এতটা জোরালো ছিল যে বাসের বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়।ইতিমধ্যেই আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

 পুলিশ সূত্রে খবর, একটি ছোট বাসে করে অন্ধ্রপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল প্রায় ২৫ জনের একটি দল।ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার রাতে রওনা দেয় ওই দলটি।মঙ্গলবার ভোরে ৩০ নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত পুণ্যার্থীর।বাসের অন্য যাত্রীরাও আহত হয়েছেন।তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।জেলাশাসক দীপক কুমার সাক্সেনা জানান, মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল।যার জেরেই এই ঘটনা ঘটে।জব্বলপুরের জেলা সদর দপ্তর থেকে ৬৫ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

ঘটনাস্থলে উপস্থিত প্রতক্ষ্যদর্শীদের দাবি, কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।তবে চালকের কোনও ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।এই প্রথম নয়, কুম্ভমেলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।কোনও ক্ষেত্রে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে।কোনও ক্ষেত্রে গুরুতর জখম হয়েছেন তাঁরা।সোমবারেও মহাকুম্ভ থেকে ফেরার পথে আগরার চার পুণ্যার্থী সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।ওই দিনই ওড়িশার রাউরকেলার এক বাসিন্দার দুর্ঘটনায় মৃত্যু হয়।সেই দুর্ঘটনায় আহত হন আরও ছ’জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *