দিন দর্পণ, ৩১জানুয়ারিঃ জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, আলিপুরদুয়ার সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে।সম্প্রতি রাজ্যে বন্যপ্রাণীদের হানা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে বাংলার বিভিন্ন জেলায় প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি।হাতির হানার কারণে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের মানুষের জীবনযাত্রা।সাধারণ মানুষের বিঘার পর বিঘা জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাতির হামলার কারণে।শুধু এসমস্তই নয় প্রাণহানিও হয় মানুষের।ইতিমধ্যেই হাতির হানা রুখতে একাধিক পদক্ষেপ করেছে নবান্ন।তারপরেও হাতি হানায় ফসল নষ্টের ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন চাষিরা।অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে ক্ষতিগ্রস্ত ফসলের জন্য ক্ষতিপূরণের দেওয়ার কথা থাকলেও তাতে অনেক দেরি হচ্ছে।এছাড়াও একাধিক অভিযোগও শোনা যায়।এই সমস্ত সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
হাতির হানায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য মোবাইল অ্যাপ তৈরি করছে রাজ্য সরকার।এই অ্যাপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন।অনেক ক্ষেত্রে দেখা যায়, যে ভুয়ো নথি বানিয়ে ক্ষতিপূরণের জন্য অনেকে আবেদন করে থাকেন।তবে এর মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করবেন বন দফতরের আদায়কারিকরা।এর ফলে যেমন জালিয়াতি কম হওয়ার সম্ভাবনা থাকবে, তেমনি দ্রুত ক্ষতিপূরণ মিলবে বলে মনে করছেন আধিকারিকরা।
সম্প্রতি উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন তিনি।সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা এই নিয়ে সরব হন।তারপরেই স্থায়ী সমাধানের জন্য তথ্যপ্রযুক্তি দফতরকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর অ্যাপ বানানোর কাজ শুরু করেছে।জানা গিয়েছে, দফতরের অধীনস্থ সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই অ্যাপ বানাচ্ছে।
