দিন দর্পণ, ৩০জানুয়ারিঃ মহাকুম্ভের ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে প্রাণ গেছে অনেক মানুষের।এবার সেই কারণেই একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।বাতিল করা হল ভিভিআইপি পাস।মেলাপ্রঙ্গনে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না।গতকাল উচ্চপর্যাযের বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।ওই বৈঠকে ভিড়, যান চলাচল, পরবর্তী শাহি স্নানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পর একাধিক নির্দেশিকা জারি করেন।
মৌনী আমাবস্যার শাহিস্নানে পুণ্য প্রাপ্তির আশায় ভিড় করেছিলেন লক্ষ্য লক্ষ্য মানুষ।সেই ভিড়ের কারণে ব্যারিকেড ভেঙে যায়।মানুষের ভিড়ে বেশ কিছু মানুষ পড়ে যান।পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ৩০ জন এবং আহত হন ৬০জনেরও বেশি।দ্রুত উদ্বার কাজ শুরু করে প্রশাসন।এই ঘটনার পর মেলাপ্রাঙ্গনের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।দুর্ঘটনার পরেও বন্ধ হয়নি শাহি স্নান।
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা-সহ একাধিক জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেন।সেখানকার পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন।তারপর একাধিক নয়া নির্দেশিকা প্রকাশ করেন যোগী আদিত্যনাথ।তার মধ্যে রয়েছে মেলাপ্রাঙ্গণে যানবাহন প্রবেশে কড়া নিষেধাজ্ঞা।বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস।বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়াও যোগী নির্দেশ দিয়েছেন, মেলাপ্রাঙ্গনে পুলিশের নজরদারি বাড়াতে হবে।মেলাপ্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।এই পরিস্থিতি যাতে আর না হয় সেদিকে নজর রেখে প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।বৈঠকে যোগী বলেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।ট্রেনে ভিড় কমাতে মেলা স্পেশাল ট্রেন বাড়ানোর বিষয়েও সওয়াল করেন তিনি।
